লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ফেসবুকে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে তার ভাই এনসিপি কর্মী ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে।
রায়পুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাহবুব আলম আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আনোয়ারকে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ শাকিল পাটওয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক। তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট দেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লিখে কাগজে পায়ের তলায় রেখে ছবি তুলে প্রচার করেন বলে অভিযোগ।
গত ৩০ মে রাতে এসব পোস্ট নিয়ে জানতে চাইলে আনোয়ার ও তার লোকজন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিনের ওপর হামলা চালায়। বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আনোয়ারকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।
৩১ মে রুহুল আমিন বাদী হয়ে রায়পুর থানায় সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলায় আনোয়ারসহ তার তিন ভাই এবং অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।
আদালতের এই আদেশে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এনসিপি নেতা আনোয়ারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ




