
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের মে-২০২৬ মাসের অভিযানে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ভারতীয় পণ্য, হারানো মোবাইল ফোন এবং জুয়া ও প্রতারণার টাকাও উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) এসএমপি মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তদারকিতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি একযোগে এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১৯২ জন, ছিনতাইকারী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত ১৯১ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ৯৯ জন, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, চোর-ডাকাত ৫৬ জন, জুয়াড়ি ৫২ জন এবং হকার ৯০ জন রয়েছেন। একই সময়ে এসএমপির ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু এবং ১৭৮টি মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযানে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশী মদ, ২০ লিটার দেশী কেরু মদ, ১ কেজি ৪৮ পুরিয়া গাঁজা ও গাঁজার ৭টি গাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যও জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৪৪০ কেজি জিরা, ৪৫০ কেজি চিনি, ১৩ হাজার ৫৭১ পিস চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি লিফ, ৪৮০ পিস কেও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ফুসকা, ৯২৪ পিস বেনজু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদি, ১৪৭ কেজি পুস্তদানা ও ১৬২ পিস ভারতীয় কম্বল।
ডিবির বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ট্রাফিক বিভাগ মে মাসে ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ১ হাজার ৬৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮৫৯টি যানবাহন আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।





