
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে ১২ বছরের এক শিশুকে মাদকসেবন করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে, পরে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (২ জুন) ভোররাতে সিলেট রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, লোদন (৩৫) নামে এক ব্যক্তি ভোর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে ভবঘুরে ওই শিশুটিকে ভুল বুঝিয়ে নিজের সঙ্গে নিয়ে যান। পরে তাকে নেশাগ্রস্ত করে পরিত্যক্ত ভবনে ধর্ষণ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা রেল পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর দক্ষিণ সুরমা থানা পুলিশকে বিষয়টি জানানো হলে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভোর ৬টার দিকে লোদনকে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, উদ্ধারকৃত শিশুটি ভবঘুরে। অভিযুক্তরা মাদকসেবী এবং রেল স্টেশন এলাকায় রাতযাপন করে থাকে। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় একজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অন্যদের ধরতে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের নিরাপত্তা, রেলস্টেশন এলাকার অপরাধপ্রবণতা এবং ভবঘুরে শিশুদের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।





