সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার নতুন হাসপাতাল

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে স্বাস্থ্যখাতে বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রোববার বিকেলে মুসলিম সাহিত্য সংসদে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাস্থ্যখাতের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক চারলেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া সাহেবের বাজার থেকে টিলাগড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে ভারী যানবাহনকে শহরের বাইরে দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, শহরের চারপাশে লিংক রোড নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে, যাতে যানজট কমানো এবং নগর ব্যবস্থাপনা আরও উন্নত করা যায়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article