সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া এলাকায় পরকীয়ার জেরে জুয়েল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই বন্ধু মো. হাবিলের বিরুদ্ধে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, পরে স্থানীয়রা হাবিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত জুয়েল ময়মনসিংহের গৌরিপুর থানার ভেরা ১০ নম্বর সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনীতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল ও হাবিল বন্ধু ছিলেন। তবে হাবিলের দাবি, তার স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে তা হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেন এবং ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করেন।
আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সম্পর্কের টানাপোড়েন থেকে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

