নবীগঞ্জে প্রথমবারের মতো তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

নবীগঞ্জে প্রথমবারের মতো তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু - Surma Times | Sylhet News

VideoCapture 20250528 000537

নিজস্ব প্রতিনিধিঃঃ

নবীগঞ্জে প্রথমবারের মতো ঈদুল আযহা উপলক্ষে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা ২০২৫’।
গত মঙ্গলবার (২৭শে মে) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শহরের প্রাণকেন্দ্রে মিম্বরে টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ‘বিবিয়ানা রেস্টুরেন্ট’।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা, যা শেষ হবে আগামী ২৯ মে। আয়োজন করেছে ‘তরুণ উদ্যোক্তা ফোরাম নবীগঞ্জ’।

মেলার মূল লক্ষ্য হলো—তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা, স্থানীয় পণ্যের প্রচার বাড়ানো এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা।

মেলায় রয়েছে মোট ১৭টি স্টল, যেখানে প্রদর্শিত হচ্ছে হোমমেড খাবার, কেক, মেহেদি ডিজাইন, ফ্যাশন সামগ্রী, গিফট আইটেমসহ নানা পণ্য। ইতোমধ্যেই মেলা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

হোমমেড খাবার, কেক ও আচার নিয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তা মদিনা আক্তার জাকনা বলেন, “যেসব মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায়, তাদের জন্য এমন মেলা বড় সুযোগ।

ঘরে বসে হোমমেড ফুড দিয়ে উদ্যোগ নেওয়া যায়, এমন প্ল্যাটফর্ম পেলে আমরা নিজের পরিচয়ে পরিচিত হতে পারি এবং সমাজে অবদান রাখতে পারি।”

নকশী কাঁথা ও শাড়ি নিয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তা শিল্পি তালুকদার বলেন, “নকশী কাঁথা আমাদের সংস্কৃতির একটি অমূল্য অংশ।

আমি এই ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করতে চাই। এই মেলায় মানুষের সরাসরি ভালোবাসা ও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে—যা একজন উদ্যোক্তার জন্য অনেক বড় প্রাপ্তি।”

মেলায় আশা কলেজ ছাত্র রাজু বলেন, “নবীগঞ্জে এমন আয়োজন আগে কখনও দেখিনি। অনেক কিছু শেখার আছে, কেনাকাটাও সাশ্রয়ী মূল্যে করা যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় সুযোগ।”

মেলার আয়োজক কমিটির সদস্য সোহাগ বলেন, “তরুণরা যেন শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারে—এই লক্ষ্যেই আমাদের আয়োজন। সবাই পাশে থাকলে প্রতিবছর এ ধরনের মেলা আয়োজন সম্ভব হবে।”

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী,

প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মো. শওকত আলী, সাংবাদিক সাগর আহমেদ, স্বপন রবি দাশ এবং জাবেদ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “উদ্যোক্তাদের কাজের গুণগত মান চমৎকার।

বিশেষ করে হোমমেড কেক ও নকশী কাঁথা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে এবং ভবিষ্যতে বড় পরিসরে তাদের সহযোগিতা করবে।”

এই উদ্যোক্তা মেলাটি নবীগঞ্জের তরুণ সমাজকে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article