সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ - Surma Times | Sylhet News

download 2সুরমা টাইমস রিপোর্ট : সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি পিস, গরু, মাছসহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার এবং উৎমা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার গজ কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিশমিশ ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, মোবাইল, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article