সিলেট গ্যাস ফিল্ডসে দুদকের অভিযান,নামে বেনামে বেতন উতোলন

সিলেট গ্যাস ফিল্ডসে দুদকের অভিযান,নামে বেনামে বেতন উতোলন - Surma Times | Sylhet News

2020 01 12 12 10 4c90883ff5d1e00d40f7238a12448bb3সুরমা টাইমস ডেস্ক : সরকারের নিয়ন্ত্রণাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (পেট্রো বাংলার একটি কোম্পানি) বেতনের তালিকায় ২৭ জন অতিরিক্ত কর্মচারীর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এটির প্রশাসনিক কার্যালয়ে অভিযানের পর এ তথ্য জানিয়েছে দুদকের কর্মকর্তারা। এ ছাড়া নথিপত্র ছাড়া বেতনের অধিক ওভারটাইম ভাতা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযান শেষে সিলেট গ্যাস ফিল্ডসের প্রশাসনিক কার্যালয়ের নথিপত্র নিয়ে গেছেন অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বেতন তালিকায় ২২২ জনের তথ্য আছে। এতে অতিরিক্ত ২৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে গ্যাস ফিল্ডসের কর্মচারীদের গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে ২ কোটি ৩৫ লাখ টাকা বেতন দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে ওভারটাইম দেওয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

দুদক সিলেট আঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, নথিগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সেগুলো কমিশনে পাঠানো হবে। গ্যাস ফিল্ডস কার্যালয়ের বেতন ও ওভারটাইমের হিসাবে গরমিল পাওয়া গেছে।

এ ব্যাপারে গ্যাস ফিল্ডসের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম(সুত্র -প্রথম আলো)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article