ফের সিসিইউতে খালেদা জিয়া

ফের সিসিইউতে খালেদা জিয়া - Surma Times | Sylhet News

Khalada jia6507dbdcd08d6

সুরমা টাইমস ডেস্কঃ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার বিকেলে কেবিন থেকে ফের সিসিইউতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত তলা থেকে চারতলায় সিসিইউতে নেওয়া হয়।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
গত বুধবার (২৭শে সেপ্টেম্বর) মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। আগের মতোই লিভারের জটিলতার পাশাপাশি ফুসফুসের জটিলতা নিয়ে শঙ্কিত তাঁর চিকিৎসকরা।
ওই চিকিৎসক জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে। শরীরে ক্যাথেটার লাগানো হয়েছে। আগে যেখানে দু-তিন দিন পরপর পানি বের করা লাগত, এখন প্রতিদিনই পানি বের করতে হচ্ছে।

গত মঙ্গলবার কেবিনে থাকা অবস্থায় তার আলট্রাসনোগ্রাম করানো হয়। এর আগেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। লিভার সিরোসিসের সঙ্গে কিডনির জটিলতাও বাড়ছে। লিভার প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। এজন্য উন্নত চিকিৎসায় দ্রুত তাকে বিদেশ পাঠানো দরকার।

খালেদা জিয়ার পাশে তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান শিথি রয়েছেন। বেশিরভাগ সময়ই তিনি হাসপাতালে অবস্থান করে শাশুড়ির সেবা করেন। এর বাইরে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত চেকআপ করছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভার জটিলতায় ভুগছেন।

 

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল।

 

এরপর ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। শেষ গত মার্চ মাসে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়।

সর্বশেষ ১২ই সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article