সিলেট, ১ নভেম্বর:
সিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন মো. কামাল। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবস-২৬-এ সফল যুব সংগঠক ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার অর্জন করেন।
রোববার সিলেট জেলা পরিষদে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
মো. কামাল অভিনয়শিল্পী ও যুব সংগঠক। তিনি দেশ যুব সংগঠন এবং দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মো. কামাল ২০১২ সাল থেকে তাঁর প্রতিষ্ঠিত দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেট একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসব প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তুলেছেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মো. কামাল। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।





