সিলেট, ৩০ সেপ্টেম্বর: ঢাকা-সিলেট ছয়লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে।
বুধবার সিলেটের ওসমানীনগরে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী পুরো মহাসড়কের নির্মাণকাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
সিলেট অংশের অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ভূমি অধিগ্রহণ নিয়ে তিনি জানান, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান। এ সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় ছয়লেন নির্মাণকাজও পরিদর্শন করেন।
এই প্রকল্প সম্পন্ন হলে ঢাকা-সিলেট যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





