ঢাকা: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য রাষ্ট্রের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে সবুজ আন্দোলন। প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় এ বছর পরিবেশ পদক গ্রিনম্যান-২৬ পেতে যাচ্ছেন তিনটি প্রতিষ্ঠান এবং চারজন বিশিষ্ট নাগরিক।
দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নেবেন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। সারা দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পাচ্ছে মিশন গ্রিন বাংলাদেশ; সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন এবং সবুজায়ন বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হবে; প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।
ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গণমাধ্যম কর্মী হিসেবে গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে সম্মাননা পাচ্ছেন।
অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক। গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থিত সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এ বছর পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় যেসব বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠান গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন, সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।





