বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে প্রস্তুতি সভা, গঠিত হলো কমিটি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে প্রস্তুতি সভা, গঠিত হলো কমিটি - Surma Times | Sylhet News

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে প্রস্তুতি সভা, গঠিত হলো কমিটি - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ আগস্ট: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারাদেশের মতো সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যার মধ্য দিয়ে পালিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী।

এই আয়োজন সামনে রেখে রোববার রাত ৮টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে গঠন করা হয় একটি প্রস্তুতি কমিটি। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। পাশাপাশি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরাও থাকবেন কমিটির সদস্য হিসেবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও।

সভায় সিদ্ধান্ত হয়েছে, জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইভাবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি আয়োজন করবে।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মুর্শেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সম্পাদক শামীম হেলালী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং সহসম্পাদকদের মধ্যে দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, আলাউদ্দিন আলাই, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, শামসুর রহমান শামীম ও ইসলাম উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য জসিম উদ্দিন ও আফতাব উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ময়নুল ইসলাম মঞ্জুরসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। সব মিলিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাংগঠনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article