দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsদিনাজপুর, ২৯ আগস্ট: কৃষকদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে একটি কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষির সামগ্রিক প্রেক্ষাপট, পরিবেশ ও কৃষকের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে কৃষিবিদ্যা ও প্রকৃতি সংরক্ষণ, কৃষিবান্ধব ও পরিবেশসম্মত কৃষি, অ্যাগ্রোইকোলজি, পারমাকালচার, বীজ ও খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং আদিবাসীদের অধিকারসহ কৃষকদের বিভিন্ন অধিকার ও সমসাময়িক কৃষি সংকট নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় প্রশিক্ষণে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও UBINIG এর কনসালট্যান্ট ড. এম. এ. সোবহান, ন্যাশনাল হকার্স ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, স্বাধীন গবেষক ও প্রশিক্ষক মোহাম্মদ শহিদ উল্লাহ, UBINIG এর কর্মকর্তা গোলাম রাব্বী বাদল, CDA এর প্রোগ্রাম অফিসার অরবিন্দু চন্দ্র রায়, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, দিনাজপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা রুবেন মুর্মু, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি মো. আসাদুজ্জামান দুলাল, আদিবাসী নেত্রী পঞ্চমী রানী, সুমিত্রা বেশরা, অর্পণা রায় লতা, বাংলাদেশ কিষাণী সভার দিনাজপুর জেলার সভানেত্রী সাবিহা বেগম এবং দিনাজপুর শহর কমিটির সভাপতি রওশন আরা প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়; এটি কৃষকের জীবনজীবিকা, পরিবেশ, জীববৈচিত্র্য, বীজের অধিকার এবং খাদ্য সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কর্মীদের জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে অ্যাগ্রোইকোলজি ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক কর্মীদের কৃষকের অধিকার, ভূমি ও বীজের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং অ্যাগ্রোইকোলজিভিত্তিক কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনটি মনে করে, কৃষক পর্যায়ে সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article