সিলেট, ১৫ আগস্ট: সিলেট নগরের রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত স্বজনদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরের রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলা’য় গিয়ে মন্ত্রী নিহত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন। তাঁকে কাছে পেয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্বজনদের সান্ত্বনা দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শান্তির নগরী হিসেবে পরিচিত সিলেটে অতীতে এ ধরনের নির্মম ও নৃশংস ঘটনা খুব কমই ঘটেছে। এই হত্যাকাণ্ড পুরো সিলেটবাসীকে ব্যথিত করেছে।
তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে কোনো কুশীলব থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





