গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী - Surma Times | Sylhet News
গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার - Surma Times | Sylhet News
গোলাপগঞ্জ উপজেলার নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী

গোলাপগঞ্জ, ১৩ আগস্ট: সিলেটের গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি ৫ম শ্রেণির দশম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৩২৫ শিক্ষার্থীর মধ্য থেকে ৪০ জনকে মেধাবৃত্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীদের এমন শিক্ষানুরাগী উদ্যোগ গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।

তিনি বলেন, আলহাজ্ব এম এ হারিছের স্মৃতি ধরে রাখতে শিক্ষাখাতে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষাই সবার বড় সম্বল। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ড. এনামুল হক চৌধুরী আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সৎ, আদর্শবান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষায় বিনিয়োগ জাতির জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও উৎসাহিত করার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকার শিক্ষার মানোন্নয়নে প্রবাসীদের ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. তারেক জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম। মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব জয়নাল আবেদীন ও সদস্য সচিব মিফতাহ উদ্দিন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

স্বাগত বক্তব্য দেন নালিউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, পরীক্ষা নিয়ন্ত্রক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের আহমদ, হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন এবং খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাশ।

এ ছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা এস এ রিপন, বিশিষ্ট মুরব্বি কবির উদ্দিন, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল আজমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, এম এ মুহিত, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ, ব্রিটিশ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মালিক লাল মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন ও পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী নোমান উদ্দিন হারিছ, কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, আয়শা মাহমুদ ও সাজনা বেগম।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইনুর হক।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article