সিলেট, ৯ আগস্ট: : সিলেট-বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়ক থেকে ছিটকে চা বাগানে ঢুকে পড়েছে। শনিবার সকালে বিমানবন্দর সংলগ্ন লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ।
জানা গেছে, শনিবার সকালে ড্রাম ট্রাকটি বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের চা বাগানে ঢুকে যায়। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হলে ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে থাকে।
বিশেষ করে বিমানবন্দরমুখী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরে একটি ক্রেন এনে চা বাগান থেকে ড্রাম ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রাকটি শহরের দিক থেকে বিমানবন্দর সংলগ্ন লালবাগ এলাকার একটি ক্রাশার মিলে যাচ্ছিল। সেখানে পাথর বোঝাই করে যাওয়ার কথা ছিল। তবে ঠিক কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





