হাজিনগর মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, এতিম ছাত্রদের মাঝে কুরআন বিতরণ

হাজিনগর মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, এতিম ছাত্রদের মাঝে কুরআন বিতরণ - Surma Times | Sylhet News
হাজিনগর মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, এতিম ছাত্রদের মাঝে কুরআন বিতরণ - Surma Times | Sylhet News
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট, ৫ আগস্ট: জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসা প্রাঙ্গণে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং মাদ্রাসার এতিম ও দরিদ্র ছাত্রদের মধ্যে পবিত্র কুরআন শরিফ বিতরণ অনুষ্ঠান। গত মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটিতে গণবৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রথম সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সবুজ আবাসে পরিণত করার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান তিনি। এই আন্দোলনকে বেগবান করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং পতিত জমিতে পরিবেশবান্ধব ও ফলজ গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চিরসবুজ ও সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সবুজ বিপ্লবের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পবিত্র কুরআনের তাৎপর্য তুলে ধরে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, পবিত্র কুরআন সমগ্র মানবজাতির একমাত্র কল্যাণকর পথপ্রদর্শক এবং হেদায়েতের চিরন্তন আলো। এই মহান কিতাবের শিক্ষা ও আদর্শ জীবনে প্রতিফলিত করতে পারলেই একটি শান্তিময় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। পরিবেশ রক্ষায় রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি এবং সমাজসেবী রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সহায়তায় এতিম ও দরিদ্র ছাত্রদের মাঝে কুরআন শরিফ বিতরণের এই ধারাবাহিক উদ্যোগকে পুণ্যময় ও প্রশংসনীয় বলে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, পিডিজি এবং রোটারি কান্ট্রি কো-অর্ডিনেটর কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. বদরুল আলম পিএইচএফ এবং মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান।

আরও বক্তব্য রাখেন চার্টার্ড প্রেসিডেন্ট ও সমাজসেবক জাকির আহমদ চৌধুরী, পিপি শেখ সেলিম আহমদ এবং পাস্ট সেক্রেটারি ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। হিফজ বিভাগের ছাত্র মো. মিজানুর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

পরিবেশ সুরক্ষা ও ধর্মীয় শিক্ষা বিস্তার, এই দুটি লক্ষ্যকে একত্র করে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। বৃক্ষরোপণের পাশাপাশি এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণের এই উদ্যোগ আগামী দিনে সমাজসেবামূলক কার্যক্রমে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন আয়োজকরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article