সিলেট, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী আমলের গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সিলেটে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা।
বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী। সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই ওই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা আত্মত্যাগ করেছিলেন। তাদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি শুভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় উপকারভোগী হওয়া সত্ত্বেও গণভোটে দেশের সত্তর শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি গণভোটের রায়ের আলোকে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি ফ্যাসিবাদী আমলের সব গুম, খুন ও গণহত্যার দ্রুত বিচার এবং দণ্ডিতদের রায় কার্যকরেরও দাবি জানান।
খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
সমাবেশে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানি, মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুনায়েদ আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, শ্রমিক মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস সিলেট মহানগরের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক মাস্টার মো. ফারুক মিয়া, সহ-প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, জাহেদ আহমদ চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মীরা।





