সিলেট, ৫ আগস্ট: সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে, ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
বুধবার (৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছে সুনামগঞ্জে ৩৫১ জন। এরপর সিলেট জেলায় ২৪৮ জন, হবিগঞ্জে ৭৯ জন, যার মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত, এবং মৌলভীবাজারে ৭৫ জনের দেহে হাম ধরা পড়েছে।
গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন ভর্তি হয়েছেন। বাকিরা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৩০৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৬ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন চিকিৎসা নিচ্ছেন। বাকিরা রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট নগরের মণিপুরীপাড়া এলাকার ১০ মাস বয়সী, যিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজন সুনামগঞ্জের ছাতক উপজেলার হেমতপুর এলাকার দেড় বছর বয়সী শিশু, সেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে সিলেট বিভাগে হামে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হামে মৃত্যু হয়েছে ১১২ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হয়েছে ৬ জনের। জেলাওয়ারি হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে ৫২ জনের, এরপর সিলেটে ৪১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জনের।




