সুনামগঞ্জ, ৪ আগস্ট: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তাহিরপুর থানার পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় ছয়টি পর্যটকবাহী হাউসবোটকে সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের দায়ে ৬টি মামলায় মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পর্যটক ও হাউসবোট পরিচালনাকারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এর আগে গত রোববার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটনে শৃঙ্খলা আনতে ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযানের চলাচল নিয়ন্ত্রণ এবং হাউসবোটের বাধ্যতামূলক নিবন্ধনসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। মঙ্গলবারের অভিযান ওই নির্দেশনার অংশ হিসেবেই পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।





