সিলেট, ৩০ জুলাই: মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে বাধন ফুডসের একটি কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
জানা যায়, শাহী ঈদগাহ এলাকায় বাধন ফুডসের নিমকি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগের সত্যতা মেলে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে আইন মেনে দ্রব্য উৎপাদনের আহ্বান জানান তিনি।




