হবিগঞ্জ, ৩০ জুলাই: র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০/০৭/২০২৬) ভোর আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয় এবং পরে ২টা ২৫ মিনিটের দিকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ৬নং শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা হাইওয়ে রোডস্থ ব্যরিস্টার সুমন যাত্রিছাউনির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় জানান, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরে তাদের কাছ থেকে ৯টি পোটলা, নীল রংয়ের পলিথিন ও খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেবুল কালিন্দি (২৬), পিতা মৃত গুরুদেব কালিন্দি, এবং টিটু তাতী (২৫), পিতা দূর্জয় তাতী। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন লস্করপুর চা বাগানের বাসিন্দা।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।





