সিলেট, ২৪ জুলাই: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সিলেটে সেই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় বলে মন্তব্য করেছেন বিদায়ী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আব্দুল কদ্দুস চৌধুরী। তিনি বলেন, সিলেটে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন, যা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
শুক্রবার রাতে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সমাপনী, অর্থাৎ উল্টো রথ, উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় এবং ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আব্দুল কদ্দুস চৌধুরী বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। তবে সিলেটের সম্প্রীতির চিত্র আরও উজ্জ্বল। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বেড়ে ওঠে, একসঙ্গে বসবাস করে। এই সম্প্রীতির বার্তা আমরা সারা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমরা সবাই মিলে দেশ গড়ব, সবাই মিলে উৎসব করব এবং একসঙ্গে এগিয়ে যাব। কেউ যদি বিভেদ সৃষ্টি করতে চায়, আমরা তা অনুসরণ করব না; বরং সম্প্রীতির এই দৃষ্টান্তই ধারণ করব।”
তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগই একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। দায়িত্ব পালনকালে সিলেটবাসীর সহযোগিতা ও আন্তরিকতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা, পিপিএম, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপক সচ্চিদানন্দ শ্যাম সুন্দর দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস এবং ইসকন সিলেট লাইফ মেম্বার বিভাগের সহকারী পরিচালক তপেশ্বর গৌর দাস প্রমুখ।





