সিলেট মেট্রোর কমিশনার বদলি, নতুন দায়িত্বে সারোয়ার মুর্শেদ শামীম

সিলেট মেট্রোর কমিশনার বদলি, নতুন দায়িত্বে সারোয়ার মুর্শেদ শামীম - Surma Times | Sylhet News

সিলেট মেট্রোর কমিশনার বদলি, নতুন দায়িত্বে সারোয়ার মুর্শেদ শামীম - Surma Times | Sylhet Newsসিলেট, মঙ্গলবার (২১ জুলাই): সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। একই আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকার পুলিশ অধিদপ্তরে ডিআইজি পদে কর্মরত সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে আরও তিনজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডির ডিআইজি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৮ জুন ২০২৬ তারিখের ৪৪.০০.০০০০.০৩৮.১৯.০০৯২.২৫-২৪০ নম্বর স্মারকে জারি প্রজ্ঞাপনে ক্রমিক-৬ এ বর্ণিত ঢাকা সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এএফডিএন) এর কার্যালয়, এপিবিএনে বদলির আগের আদেশ বাতিল করা হলো।

নতুন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা, বিপি-৭৪০১০২০৭৯৩) এর আগে ঢাকার পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাকে সিলেট মহানগর পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করা হলো।

পুলিশের শীর্ষ পর্যায়ের এই বদলি ও পদায়নকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article