সিলেট, ১৮ জুলাই: ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ ২০২৬-২৭-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশন নগরীর একটি অভিজাত হোটেলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি আইসিসিআর স্কলারশিপ কর্মসূচির প্রশংসা করেন এবং এই উদ্যোগ গ্রহণের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া স্বাগত বক্তব্য দেন। তিনি স্কলারশিপের উদ্দেশ্য তুলে ধরে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই শিক্ষা বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায় ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ জহিরুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. এ. এস. এম. মাহবুব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জাফির সেতু। বক্তারা শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের যোগ্য প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বছর সিলেট অঞ্চল থেকে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী আইসিসিআর স্কলারশিপের আওতায় ভারতের আইআইটি মাদ্রাস, এনআইটি শিলচর, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভারতে উচ্চশিক্ষা গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত




