
সিলেট, ১৮ জুলাই: সিলেট সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও নবনিযুক্ত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক সংবর্ধনার জবাবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নে সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। ৪নং ওয়ার্ডের মানুষের এই ভালোবাসা ও সম্মান তার আগামী দিনের কাজকে আরও বেগবান করবে। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আম্বরখানা কলোনি সরকারি জামে মসজিদের মুয়াজ্জিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
৪নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং শামীম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা কয়েস লোদীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তার যোগ্য নেতৃত্ব সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান মাহমুদ রাজা এবং স্বাগত বক্তব্য দেন আশরাফ হোসেন আরমান। এছাড়া আজাদ খান, আব্দুল করিম, বেনু সিংহ, সেলিম আহমদ, মতিয়ার রহমান, মিজান আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, আলমগীর হোসেন, ওমর মাহবুব, হাসান খান, এমদাদুল হক উমামা, রহিমসহ অনেকে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।




