স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা, ঘোষণা প্রধানমন্ত্রীর

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা, ঘোষণা প্রধানমন্ত্রীর - Surma Times | Sylhet News

স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা, ঘোষণা প্রধানমন্ত্রীর - Surma Times | Sylhet Newsঢাকা, ১৪ জুলাই: মেধাবী উদ্যোক্তাদের সহায়তায় আইসিটি বিভাগের মাধ্যমে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে, যার মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অনেক উদ্যোক্তা ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত বা কাগজপত্রের জটিলতায় পড়েন। এই সমস্যার সমাধানে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে, যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। কমিটি উদ্যোক্তার প্রকল্প যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের ভালো স্টার্টআপ ধারণা রয়েছে কিন্তু জামানত নেই, তাদের জন্য বিকল্প ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ফান্ড প্রদান করা হবে।

আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এই সহায়তা পাবলিক মানি হওয়ায় যথাযথ যাচাই-বাছাই করা হবে। কোনো উদ্যোগ শুরুতে সফল না হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সহায়তা দেওয়ার বিষয় বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধনের কথা রয়েছে, যা উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন সেবা এক জায়গা থেকে পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়ক ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article