সিলেট, ১১ জুলাই ২০২৬: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর জিন্দাবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও এক নারীসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট হোটেলটি সিলগালা করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন “উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)” হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), আরিফ খান (২০) এবং কাকলি দাস (২৭)কে আটক করা হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় নন এফআইআর নম্বর ১৬১৪, তারিখ ১১ জুলাই ২০২৬, সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




