বিয়ানীবাজারে কিশোরী হত্যা: আদালতে পিতার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

বিয়ানীবাজারে কিশোরী হত্যা: আদালতে পিতার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ - Surma Times | Sylhet News

বিয়ানীবাজারে কিশোরী হত্যা: আদালতে পিতার স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ - Surma Times | Sylhet Newsসিলেট, ১২ জুলাই ২০২৬: সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজ কন্যাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক পিতা আবু বক্কর (৪৫)। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার দুপুরে সিলেটের আদালতে হাজির করা হলে আবু বক্কর দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিয়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে তারা পালিয়ে গেলে এক মাস পর পরিবার তাকে ফিরিয়ে আনে। সংশ্লিষ্টরা জানান, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে নিয়ন্ত্রণে রাখতে কয়েক মাস আগে তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়।

নানাবাড়িতে অবস্থানকালে স্থানীয় এক যুবকের সহায়তায় রিয়া পুনরায় পূর্বের ওই যুবকের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং আবারও পালানোর পরিকল্পনা করেন। গত বৃহস্পতিবার বিষয়টি জানতে পেরে আবু বক্কর ক্ষুব্ধ হয়ে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরদিন শুক্রবার সকালে নানাবাড়ির লোকজন তাকে আবার ইনাম গ্রামে নিয়ে যান।

ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ বুঝে আবু বক্কর নানাবাড়ির পুকুরঘাটে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনার পর নিহতের মা বাদী হয়ে আবু বক্করকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করেছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article