সিলেট, ১০ জুলাই: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আবারও নির্বাচিত হন।
তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯৯ সালের শেষের দিকে আবার জাতীয় পার্টিতে ফিরে যান। ২০০৮ সালে যুক্তফ্রন্ট (পিডিপি) থেকে কুলা প্রতীক নিয়ে নির্বাচন করলেও পরাজিত হন।
শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আসদ্দর আলী। তিনি গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু মারা গেছেন




