সিলেট, ১০ জুলাই: সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কা আক্তার রিয়া দুপুরে নানা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এতে আপত্তি জানান তার বাবা আবু বক্কর। একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল করিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




