সিলেট, ৯ জুলাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাঠ প্রশাসন শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সিলেটে যোগ দিতে ঢাকায় বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার গত বুধবার দায়িত্ব গ্রহণ করেন। নতুন নিয়োগের ফলে রেজা হাসানের সিলেটে যোগদান আর হচ্ছে না।
এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও বিষয়টি প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
দায়িত্ব পালনকালে সারওয়ার আলম একাধিক আলোচিত পদক্ষেপ নেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করা হলে মাজার কর্তৃপক্ষ ও ভক্ত-অনুসারীদের একাংশ এর বিরোধিতা করেন। অন্যদিকে, স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে অনেকেই ওই উদ্যোগকে সমর্থন জানান।




