চট্টগ্রাম, মঙ্গলবার রাত: চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এ দুর্ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে দুই নম্বর গেট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে সড়কবাতি না জ্বলার কারণে আশপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল। বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে সেটি দেখতে না পেয়ে ফায়াজের মোটরসাইকেল কাভার্ড ভ্যানটির পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনের প্রতিটি কর্মসূচিতে ফায়াজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। সর্বশেষ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন।
সহকর্মীরা জানান, ফায়াজ ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তাঁর এক ঘনিষ্ঠ সহকর্মী বলেন, তিনি গ্রুপে জানতে চেয়েছিলেন আজ কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে তাঁর নিথর দেহ দেখতে পান তারা। এ সময় রেইনকোটের ভেতর তাঁর পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করা হচ্ছে, বড় পর্দায় খেলা দেখতে তিনি অক্সিজেন এলাকার বাসা থেকে বের হয়েছিলেন।
দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।





