সিলেট, ৫ জুলাই: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের দৌরাত্ম্য দমনে র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ঝটিকা অভিযানে ৬ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভূমি জরিপ ও সংশ্লিষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছিলেন। দ্রুত সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন এবং সরকারি কাজে প্রভাব খাটানোর আশ্বাস দিয়ে চক্রটি সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের অবৈধ অর্থ আদায় করছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৯-এর সদর কোম্পানি ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
আটককৃতরা হলেন, শাহপরাণ থানার লায়েক মিয়া, বিশ্বনাথের আব্দুল মান্নান, সুনামগঞ্জের তাহিরপুরের সুব্রত পাল, দোয়ারাবাজারের আব্দুল হান্নান, মোগলাবাজারের সুজন দেবনাথ এবং দোয়ারাবাজারের জিয়াউর রহমান। অভিযানের সময় তারা সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব-৯ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে জোনাল সেটেলমেন্ট অফিসের মতো স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র নির্মূল করাই তাদের অন্যতম লক্ষ্য।
এ অভিযানে জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সেবাগ্রহীতারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সরকারি দপ্তরে দালালনির্ভরতা কমবে এবং স্বচ্ছ সেবা নিশ্চিত হবে।





