মৌলভীবাজার, ৭ জুলাই: জুতা বদলানোর অজুহাতে এক গৃহবধূকে জোরপূর্বক অশ্লীল কাজে বাধ্য করা এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে শ্রীমঙ্গলে শাহিন আলী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা আদায় ও অনৈতিক সম্পর্ক বজায় রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
র্যাব-৯ জানায়, সোমবার (৬ জুলাই) শ্রীমঙ্গল থানাধীন ইসলামপুর এলাকা থেকে সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শাহিন আলীকে গ্রেফতার করে। তিনি শ্রীমঙ্গল থানার জালালিয়া রোড এলাকার শুক্কুর আলীর ছেলে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাবের তথ্যমতে, ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার বাসিন্দা। শাহিন আলী তার ভাড়া বাসায় নারীদের ব্যবহারের বিভিন্ন পণ্য বিক্রি করতেন। এ কারণে ওই গৃহবধূ নিয়মিত তার কাছ থেকে পণ্য কিনতেন। চলতি বছরের ১১ জানুয়ারি গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। পরে জুতা ছোট হওয়ায় তা পরিবর্তনের জন্য আবার শাহিনের বাসায় যান।
সেই সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে শাহিন আলী জোরপূর্বক গৃহবধূকে অশ্লীল কাজে বাধ্য করেন এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাকে অনৈতিক কাজে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।
স্বজন ও র্যাব সূত্র জানায়, সংসার টিকিয়ে রাখার স্বার্থে দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখেন ভুক্তভোগী। একপর্যায়ে তিনি শাহিনের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করলে শাহিন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে গৃহবধূ ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে শাহিন আলীকে গ্রেফতার করে। সংশ্লিষ্টরা জানান, ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।





