সিলেটে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানমের সম্মানে ইউকে এনআরবি সোসাইটির মিট অ্যান্ড গ্রিট

সিলেটে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানমের সম্মানে ইউকে এনআরবি সোসাইটির মিট অ্যান্ড গ্রিট - Surma Times | Sylhet News

সিলেটে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানমের সম্মানে ইউকে এনআরবি সোসাইটির মিট অ্যান্ড গ্রিট - Surma Times | Sylhet Newsসিলেট, ৪ জুলাই — বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সম্মানে সিলেটে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউকে এনআরবি সোসাইটি। রোববার দুপুর ২টায় নগরীর জিন্দাবাজারস্থ মেহমান রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, অতিরিক্ত সচিব বদরুন নাহার, ভারপ্রাপ্ত সিভিল এভিয়েশন সচিব এবং ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমেদ জুনেদ ও মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ, বিমানসেবা সম্প্রসারণ, পর্যটন শিল্পের উন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মন্ত্রীসহ অতিথিদের সম্মানে মেহমান রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রী আফরোজা খানম রিতাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসাইন, মেহমান রেস্টুরেন্টের পরিচালক ফেরদৌস আলম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজান আহমদ, সাংবাদিক সাইফুল তালুকদার, ফটোসাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাংবাদিক মাজহারুল ইসলাম ডালিমসহ সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, ইউকে এনআরবি সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির বন্ধন আরও সুদৃঢ় করতে ইউকে এনআরবি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article