সিলেট, রবিবার (৫ জুলাই): সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম মহল্লায় একটি পুকুর থেকে রুহেল আহমদ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, নিহত রুহেল আহমদ আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




