সিলেট, ৪ জুলাই — সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানের যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেটে আসার ঠিক আগমুহূর্তে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিলেট জেলা প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজা হাসানকে সিলেট না গিয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ঢাকায় থাকতে বলা হয়েছে। ফলে একেবারে শেষ মুহূর্তে এসে তার সিলেটে যোগদান নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
আলোচিত-সমালোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে সরকার। গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা আদেশে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়। এই আদেশ অনুযায়ী ১ জুলাই তার সিলেটে এসে দায়িত্ব গ্রহণের কথা ছিল, তবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় তা আপাতত স্থগিত রয়েছে।
সূত্র জানায়, গত বুধবার সকালে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তার দায়িত্বভার গ্রহণ করেন, যা নিয়ে নানা কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। একই দিন দুপুরে মো. রেজা হাসানের সিলেটে এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তিনি সিলেট আসার উদ্দেশ্যে সকালে কুমিল্লা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছান এবং দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে আসার প্রস্তুতিও শেষ পর্যায়ে ছিল।
এদিকে নতুন ডিসিকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা অপেক্ষা করছিলেন এবং জেলা প্রশাসকের সরকারি গাড়িও পাঠানো হয়েছিল। কিন্তু রেজা হাসান যখন বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের বিশেষ নির্দেশনায় তার সিলেটযাত্রা স্থগিত করা হয় এবং তাকে জরুরি ভিত্তিতে সচিবালয়ে তলব করা হয়। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিলেটের বিমান ছেড়ে সচিবালয়ের দিকে রওনা দেন। দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অপেক্ষারত সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা এই অনিশ্চয়তার খবর পেয়ে ফিরে আসেন।
প্রশাসনিক ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রবাসী অধ্যুষিত এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট জেলাকে মাঠ প্রশাসনের অন্যতম ‘লোভনীয়’ কর্মস্থল হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে প্রজ্ঞাপন জারির পর থেকেই সিলেটের জেলা প্রশাসক পদের জন্য সরকারের উচ্চমহলে একাধিক আমলার জোর লবিং শুরু হয়। এমনকি স্থানীয় একটি প্রভাবশালী মহলের নিজস্ব পছন্দের তালিকাও ওপর মহলে পাঠানো হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
সূত্রগুলো বলছে, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক এই ত্রিমুখী তদবিরের কারণেই মূলত প্রজ্ঞাপন জারি হওয়ার পরও মো. রেজা হাসানকে সিলেটের বিমান থেকে নামিয়ে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সিলেটে রেজা হাসানের ডিসি হিসেবে যোগদান হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এমনকি কুমিল্লা থেকে রোজী আক্তারকেও সরিয়ে নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে প্রশাসনিক মহলে।
এই ঘটনার মধ্য দিয়ে সিলেটের মতো গুরুত্বপূর্ণ জেলার প্রশাসনিক নিয়োগ নিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং এর পেছনের প্রভাব-বলয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক পদ ঘিরে এই অনিশ্চয়তা অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
(সূত্র: রূপালী বাংলাদেশ)
সিলেটের নতুন ডিসির যোগদান শেষ মুহূর্তে স্থগিত, বিমানবন্দর থেকে সচিবালয়ে ডাক




