
সিলেট, ৩ জুলাই: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুঁইফোড় অনলাইন পোর্টালে চলমান অপপ্রচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ২টায় নগরীর শিবগঞ্জ পয়েন্টে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা পুলিশ কমিশনারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের নোংরা অপপ্রচার গ্রহণযোগ্য নয়। তারা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দীর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক আল আমিন রিপনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক হাবিবুল বাশার হাবিব, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, সোনালী যুব সংঘের সভাপতি নাজমুল ইসলামসহ অনেকে।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।




