মৌলভীবাজার, ১ জুলাই ২০২৬: বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রয়াত শ্রমিকনেতা বাদশা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন সন্ধ্যায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তারেশ চন্দ্র দাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মো. সুহেল মিয়া।
আলোচনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, সহ-সভাপতি শাহিন আহমদ, জামাল মিয়া, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, চা-শ্রমিক সংঘের সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, হোটেল শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আলমগীর মিয়া, রুহুল আমিন রোহিত, আশরাফুল আলম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরের এক দরিদ্র ভূমিহীন কৃষক পরিবারে জন্ম নেওয়া বাদশা মিয়া শৈশবে মাতৃহারা হয়ে ঢাকায় এসে হোটেল শ্রমিকের কাজ শুরু করেন। শ্রমিকদের শোষণ-নিপীড়ন দেখে তিনি শ্রমিক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। তিনি শুধু অর্থনৈতিক আন্দোলন নয়, শ্রমিক শ্রেণির আদর্শিক রাজনীতিরও পক্ষে ছিলেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে সাম্রাজ্যবাদ-সামন্তবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে হোটেল সেক্টরে ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নে বাদশা মিয়ার মতো সৎ, সংগ্রামী ও আদর্শিক নেতৃত্বের প্রয়োজন। শ্রমিকদের চাকরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
সভায় এক প্রস্তাবে সম্প্রতি রংপুরে হোটেল শ্রমিক শাওন হত্যাকারী মালিক মিজানুর রহমান মনুকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যশোর জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকারের ওপর হামলাকারী সন্ত্রাসী রাজুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।





