কাল থেকে দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু: পরিবেশ নিশ্চিতে ঢাকা থেকে কঠোর মনিটরিং

কাল থেকে দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু: পরিবেশ নিশ্চিতে ঢাকা থেকে কঠোর মনিটরিং - Surma Times | Sylhet News

কাল থেকে দেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু: পরিবেশ নিশ্চিতে ঢাকা থেকে কঠোর মনিটরিং - Surma Times | Sylhet Newsঢাকা, ১ জুলাই ২০২৬: আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা থেকে সারাদেশের সব কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

মন্ত্রী আরও জানান, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সহায়ক হবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা না থাকা দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চলবে।

পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।

মোট ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article