ঢাকা, ১ জুলাই: নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন নিষিদ্ধ হলেও বাংলাদেশের অন্তত ১৩ জন সংসদ সদস্যের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ সুবিধা সক্রিয় ছিল বলে জানিয়েছে ডিসমিসল্যাব। তালিকায় বর্তমান মন্ত্রিসভার তিন সদস্যও আছেন।
বিষয়টি আলোচনায় আসে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও প্রকাশের পর। সেখানে তিনি দেখান, ফেসবুক কনটেন্ট থেকে তার আয় হচ্ছে।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, মনিটাইজেশনে সক্রিয় ১৩টি ভেরিফায়েড অ্যাকাউন্টের মধ্যে ৭টি বিএনপির, ৫টি জামায়াতের এবং একটি স্বতন্ত্র এমপির। মন্ত্রিসভার তিন সদস্য হলেন খন্দকার আব্দুল মুক্তাদির, অনিন্দ্য ইসলাম অমিত ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৩টি অ্যাকাউন্টের ১২টিতেই ভিডিওর আগে, মাঝে বা নিচে বিজ্ঞাপন দেখা গেছে। পাশাপাশি সংসদ সদস্য ও মন্ত্রীদের নামে খোলা আরও ২২টি আনভেরিফায়েড অ্যাকাউন্টও শনাক্ত হয়েছে, যেগুলোর অনেকগুলো থেকেই রাজনৈতিক বিজ্ঞাপন চালানো হয়েছে।
ডিসমিসল্যাবের মতে, মেটার নীতি প্রয়োগে অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মেটার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





