সিলেট, ২৯ জুন: জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রসঙ্গত, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ২৯ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




