সিলেট, ২৯ জুন: সাধক-শিল্পী হ্যারল্ড রশীদের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার বিকেলে নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারাক আলভী, অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক শিশির চক্রবর্তী।
হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সত্তরে হ্যারল্ড’ শীর্ষক তিনদিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিল্পীর বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হ্যারল্ড রশীদের বহুমুখী প্রতিভা, বিশেষ করে চিত্রকলা, সঙ্গীত ও কার্টুনচর্চায় তার অবদানের কথা তুলে ধরেন। তারা সিলেটে শিল্পচর্চার বিকাশে তার ভূমিকার প্রশংসা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে হ্যারল্ড রশীদ বলেন, এটি তার প্রথম একক চিত্রপ্রদর্শনী, যা জন্মদিনকে ঘিরে সুহৃদ ও অনুরাগীরা আয়োজন করেছেন।
তিনদিনব্যাপী এ প্রদর্শনী বুধবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিকথন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। বুধবার সিলেট আর্টস কলেজে শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হবে।





