সিলেট, ২৯ জুন: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমন্বিতভাবে কাজ করলে সিলেট নগরকে একটি পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকার মহাপরিকল্পনা প্রণয়নে অংশীজনের মতামত গ্রহণ বিষয়ক কর্মশালায় অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট নগরকে ঘিরে সিটি কর্পোরেশনের প্রশাসক ও তার অনেক পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এসব বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা হবে। নগরবাসীর হাঁটাচলা, বিনোদন ও সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত পার্ক ও উন্মুক্ত স্থান সৃষ্টির বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সুন্দর, টেকসই ও আধুনিক নগর গড়তে হলে সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা জরুরি। সে লক্ষ্যেই সিলেটের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনা নগরীর পরিকল্পিত সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, শিক্ষাবিদ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা ভূমি ব্যবহার, আবাসন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা, জনসেবা সম্প্রসারণ ও টেকসই নগরায়ণ বিষয়ে মতামত দেন।
প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে তা মহাপরিকল্পনার খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও অংশীজন উপস্থিত ছিলেন।




