সুরমা টাইমস ডেস্কঃ ফ্যাসীবাদী আমলের ষড়যন্ত্রমূলক মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখা।
রবিবার (২৮ জুন) নগরীর কোর্টপয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য আসামিদের মামলা থেকে মুক্তি দেওয়া হলেও শুধু আলেম পরিচয়ের কারণে কোনো সাক্ষী ছাড়াই হাফিজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি ন্যায়বিচারের পরিপন্থী বলে উল্লেখ করেন তারা।
সমিতির সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, “এই রায় ফ্যাসীবাদী আমলের ষড়যন্ত্রমূলক মামলার ফ্যাসীবাদী রায়। জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে।”
বক্তারা হাফিজ নাঈম আহমদকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ সালিম কাসেমী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ধরনের কর্মসূচি চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দেন ইমাম সমিতির নেতারা।
নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন




