সুরমা টাইমস ডেস্কঃ আলোচিত-সমালোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান।
বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটে বদলি করে নতুন দায়িত্ব দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কুমিল্লায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে কুমিল্লায় নতুন ডিসি
একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গুজবের মধ্যেই নতুন নিয়োগ
গত কয়েকদিন ধরে ফেসবুকে ব্যাপক গুজব ছড়ানো হয় যে, সারওয়ার আলমকে আবার সিলেটে পুনর্বহাল করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজে এই নির্দেশ দিয়েছেন। শনিবার রাতভর এই গুজব ভাইরাল হয়। ঠিক এর মধ্যেই রোববার সরকারি প্রজ্ঞাপনে নতুন ডিসি নিয়োগের খবর আসে।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত ২১ জুন সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান কবে সিলেটে যোগদান করবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।




