রোমে একই পরিবারের তিন খুন, এক বছর আগে ছিল ‘হুমকির চিঠি’

রোমে একই পরিবারের তিন খুন, এক বছর আগে ছিল ‘হুমকির চিঠি’ - Surma Times | Sylhet News

রোমে একই পরিবারের তিন খুন, এক বছর আগে ছিল ‘হুমকির চিঠি’ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ রোম/নোয়াখালী: ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছরের শিশুকন্যা আরোয়া ইসলাম আরিশা।

ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার প্রায় এক বছর আগে তাদের গ্রামের বাড়িতে ‘লাল বাহিনী’ নামে কথিত এক ডাকাত দলের পক্ষ থেকে উড়ো চিঠি দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দাবি করা হয়েছিল। দাবি না মানলে প্রবাসী ছেলে ও নাতিকে হত্যা এবং পরিবারের নারীদের নির্যাতনের হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা।

কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের একমাত্র ছেলে ছিলেন কামাল উদ্দিন বাবুল। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিলেন তিনি। পরে স্ত্রী ও মেয়েকেও সেখানে নিয়ে যান। পরিবারটি রোমে একসঙ্গে থাকতেন।

শনিবার সকালে ইতালি প্রবাসী স্বজনদের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যরা এই মর্মান্তিক খবর জানতে পারেন। খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এক বছর আগের উড়ো চিঠি

স্বজনদের দাবি, ২০২৫ সালের ২ জুলাই রাতে সিরাজুল ইসলামের গ্রামের বাড়ির ফটকের নিচে ‘লাল বাহিনী’র নামে উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে স্বর্ণালঙ্কার ও টাকা দাবি করা হয়। দাবি পূরণ না করলে প্রবাসী ছেলে ও নাতিকে হত্যা এবং পুত্রবধূকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়।

হুমকির বিষয়টি জানিয়ে সিরাজুল ইসলাম তখন কোম্পানীগঞ্জ থানায় নিরাপত্তা চেয়েছিলেন। থানার ওসি নুরুল হাকিম জানান, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছিল এবং পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তবে ইতালিতে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে ওই উড়ো চিঠির কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে। হত্যার প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে নিহতদের পরিবার ও স্বজনরা।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article