
সুরমা টাইমস ডেস্কঃ “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে এ আয়োজন করা হয়।
মাসব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী তরুণ ফুটবলারদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন বয় খ্যাত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক ও ফুটবল কোচ মহসিন আলী, কামরুল ইসলাম, সোহেল আহমেদ, খালেদ আহমেদ, হাবিবুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, প্রমীলা কোচ তানিয়া রহমান এবং ক্রীড়া প্রশিক্ষক তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরিই তাঁদের মূল লক্ষ্য। তাঁর মতে, “ক্রীড়াই হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগান প্রমাণ করে খেলাধুলা এখন শুধু বিনোদন নয়, বরং পেশা হিসেবেও সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ তরুণদের ফুটবলীয় দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানসিকতা গড়ে তুলেছে। ভবিষ্যতে সিলেট থেকে আরও অনেক তারকা ফুটবলার উঠে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।





